কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ৬২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে আরও ১৮০ জনকে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭৯ জন, পরোয়ানামূলে ১৪৫ জন, সাজা পরোয়ানামূলে ২৩ জন, আগের মামলায় ৫২ জন এবং মাদক মামলায় ৬৮ জন (দুই বহনকারী ও ৬৬ সেবী) রয়েছেন। এছাড়া অন্যান্য বিভিন্ন ধারা ও আইনে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ৬৪ হাজার ২৬৬ পিস ইয়াবা, ১৩১ লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরির ৭০ লিটার উপকরণ, ২০ বোতল ফেনাড্রিল সিরাপ, ২০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১০ বোতল স্কাফ সিরাপ এবং ৪৭০ গ্রাম গাঁজা। পাশাপাশি মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৮ জনকে কারাদণ্ড এবং ১০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লায় একজন করে, চাঁদপুরে দুজন এবং নোয়াখালী ও ফেনীতে তিনজন করে রয়েছেন।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৮০ জনের মধ্যে ১৩২ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ৪৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৫৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ জন, লক্ষ্মীপুরে ৩৩ জন, নোয়াখালীতে ২৪ জন, কক্সবাজারে ১৮ জন এবং রাঙামাটি ও খাগড়াছড়িতে পাঁচজন করে আটক হয়েছেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।