চট্টগ্রাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্লাহর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় সংগঠনটির সদস্যসচিব শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় আবু হাসনাত নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর শহীদুল ইসলামকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে নগরের কাপাসগোলা এলাকায় রাহাত উল্লাহর বাসায় হামলার ঘটনা ঘটে। এতে তাঁর মা সেলিনা আক্তার ও প্রতিবেশী ফখরুল ইসলাম আহত হন।
সেলিনা আক্তারের অভিযোগ, শহীদুল ইসলাম ও আবু হাসনাত ২০ থেকে ২৫ জনকে সাথে নিয়ে তাঁর ছেলেকে খুঁজতে বাসায় প্রবেশ করেন। রাহাত উল্লাহকে না পেয়ে তাঁরা বাসার আসবাবপত্র, দরজা ও জানালা ভাঙচুর করেন। একপর্যায়ে সেলিনা আক্তারকে মারধর করা হয়। তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হন প্রতিবেশী ফখরুল ইসলাম।
এ ঘটনায় সেলিনা আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে শহীদুল ইসলাম ও আবু হাসনাতকে গ্রেপ্তার করে পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার দুজনকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সহযোদ্ধার বাসায় হামলা, পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন ও লুটপাটের অভিযোগে শহীদুল ইসলামকে স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।
নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন জানান, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও তাঁকে বহিষ্কার করা হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
এর আগে গত বছরের ৬ জানুয়ারি নগরের পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিনকে হেনস্তা করার অভিযোগে শহীদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও হামলাসহ নানা অভিযোগ রয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।