চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় পার্কিং ব্যবস্থাপনা ও যানজট নিরসনে নির্ধারিত সংশোধনমূলক ব্যবস্থা না নেওয়ায় আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ৪৫ লাখ টাকা এবং উৎসব সুপার মার্কেটকে ৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই এলাকার ফ্রোবেল প্লে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করে প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালত এ জরিমানা করেন।
সিডিএ জানায়, এর আগে পরিদর্শন অভিযানের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করা হয়েছিল। বৈঠকে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল ও উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবনমালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, উৎসব সুপার মার্কেটকে জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা।
অভিযানকালে ফ্রোবেল প্লে স্কুলের বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিডিএ জানায়, নগরের শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পার্কিং ব্যবস্থাপনা, যানবাহন চলাচল এবং সড়ক ব্যবহারে শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিকভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের কারণে সৃষ্ট যানজট কমানো এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই এসব উদ্যোগের লক্ষ্য।
সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিম জানান, নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিদর্শন, সতর্কীকরণ এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবনমালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।