চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তানভীরুল ইসলামের (২৬) বিষপানে মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলেও বিষয়টি বুধবার রাতে জানাজানি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানভীরুল এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ও বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন। কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামের সন্তান তানভীরুল চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মঙ্গলবার ওই বাসায় তিনি বিষপান করলে স্বজনরা তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যান, যেখানে বিকেল ৫টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মইনুদ্দিন জানান, তানভীরুল গত জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে তালিকাভুক্ত একজন ‘জুলাইযোদ্ধা’ ছিলেন। তাঁর কোমরে বুলেটবিদ্ধ হয়ে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছিল এবং সেই সংক্রমণের কারণে তিনি দীর্ঘদিন ধরে তীব্র শারীরিক যন্ত্রণা ও কষ্টে ভুগেছিলেন। ব্যথার তীব্রতায় তিনি প্রায়ই কান্নাকাটি করতেন এবং এই অসহনীয় শারীরিক কষ্টই তাঁর মর্মান্তিক এই পথ বেছে নেওয়ার পেছনে ভূমিকা রেখে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানিয়েছেন, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।