চট্টগ্রাম নগরে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে অনিক দাশ নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সাথে থাকা মোটরসাইকেল চোর চক্রের আরও চার সদস্যকেও গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত অনিক বান্দরবান জেলা পুলিশ লাইন্সে কর্মরত এবং বর্তমানে ছুটিতে রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে খুলশী থানা-পুলিশের একটি টিম।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানান, খুলশী এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে বান্দরবান জেলা পুলিশে কর্মরত কনস্টেবল অনিক দাশ ও তাঁর সাথে থাকা চার সহযোগীকে আটক করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, চোরাই মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে অভিযানের শুরুতে প্রথমে এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কনস্টেবল অনিক দাশসহ বাকিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক তদন্তে মোটরসাইকেল চুরির সিন্ডিকেটের সাথে ওই পুলিশ সদস্যের প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, খুলশী থানা থেকে মামলার কাগজপত্র ও প্রতিবেদন পাওয়ার পর অপরাধে জড়িত ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।