শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঐতিহাসিক জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নিতে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী থেকে এক সামরিক বিমানে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সড়কপথে নগরের রহমতগঞ্জস্থ জে এম সেন হলের পূজামণ্ডপের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় শাহ আমানত বিমানবন্দর সড়ক থেকে শুরু করে নগরের প্রধান প্রধান সড়কের দুই পাশে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।
সংক্ষিপ্ত এ সফরের সূচি অনুযায়ী, জে এম সেন হলের সমাপনী পূজামণ্ডপ পরিদর্শনের পর স্থানীয় সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে নগরের একটি অভিজাত হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে বিশেষ সাংগঠনিক সভায় মিলিত হওয়ার কথা রয়েছে তাঁর। সফরসূচি শেষে আজ রাতেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।