মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজকর টাকা ছিনতাই

চট্টগ্রাম নগরের হালিশহরে সংবাদ সংগ্রহে গিয়ে এক সাংবাদিককে জিম্মি করে মারধর, অস্ত্রের ভয় দেখিয়ে মুক্তিপণ দাবি এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার ৩০০ টাকা হাতিয়ে নিয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রমনা আবাসিক এলাকার রাস্তার উপর থেকে তুলে নেয় দৈনিক পূর্বদেশ

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজকর টাকা ছিনতাই

চট্টগ্রাম নগরের হালিশহরে সংবাদ সংগ্রহে গিয়ে এক সাংবাদিককে জিম্মি করে মারধর, অস্ত্রের ভয় দেখিয়ে মুক্তিপণ দাবি এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার ৩০০ টাকা হাতিয়ে নিয়েছে।  বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রমনা আবাসিক এলাকার রাস্তার উপর থেকে তুলে নেয় দৈনিক পূর্বদেশের সাংবাদিক আবুল হোসাইনকে। এরপর তারা পাশের খালের পাড়ে নিয়ে গিয়ে ম্যানিব্যাগে থাকা নগদ ১৫ হাজার এবং বিকাশ থেকে আরো ৫৫ হাজার ৩০০ টাকা উত্তোলন করে নেয়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে হালিশহর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে বলা হয়, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে রমনা আবাসিক এলাকার খালের পূর্ব পাড়ে গেলে অভিযুক্তরা পেছন থেকে তাঁকে ঘিরে ধরে। পরে বিভিন্ন প্রশ্ন করে তাঁকে সেখানে অবৈধ কাজে এসেছেন বলে অভিযোগ তুলে চড়-থাপ্পড় মারে। একপর্যায়ে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে পাশের খালের পাড়ে একটি বিলের কাছে নিয়ে যায়। সেখানে তাঁর পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা নিয়ে আরও দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অভিযোগকারী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চাওয়া হয়। ভয়ে পিন নম্বর দেওয়ার পর তাঁর অ্যাকাউন্ট থেকে চার দফায় মোট ৫৫ হাজার ৩০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বিকেল ৫টা ৪১ মিনিটে ০১৩৫২০২৬৭১১ নম্বরে ২৫ হাজার ৫০০ টাকা এবং ৫টা ৪৬ মিনিটে একই নম্বরে ২০ হাজার টাকা পাঠানো হয়। সন্ধ্যা ৬টায় ০১৯৭৭৭২৮৪৬০ নম্বরে পাঁচ হাজার টাকা এবং ৬টা ৩ মিনিটে ০১৮৫৯৯৭৬৮৯১ নম্বরে চার হাজার ৮০০ টাকা লেনদেনের ক্যাশআউট করে নেয় অভিযুক্তরা। 

অভিযোগে আরও বলা হয়, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত ও তাঁকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে অভিযুক্তরা তাঁর হাতে কনডমের প্যাকেট ধরিয়ে দেয়। পরে তাঁকে অবৈধ কাজের উদ্দেশ্যে ওই এলাকায় আসার অভিযোগে বিভিন্ন কথা জোরপূর্বক স্বীকার করিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। বিষয়টি কাউকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেছেন সাংবাদিক আবুল হোসাইন।

অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. সাইফুল ওরফে ভেডা সাইফুল, সৈকত, মহিত, বাইট্টা বাবুল, রবিন ও অনিকের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের সঙ্গে আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জড়িত ছিলেন বলে অভিযোগকারীর দাবি।

এ বিষয়ে অভিযোগকারী আবুল হোসাইন বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হব, তা কল্পনাও করিনি। আমাকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে টাকা নেওয়া হয়েছে। এরপর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।

ঘটনার পর আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে অভিযুক্তদের পরিচয় সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০