চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে চুরি হওয়া দুই মাস বয়সী শিশু মোহাম্মদ হোসাইনকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ শিশু পাচার ও চোর চক্রের মূল দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানার রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াখালীর সেনবাগের বাসিন্দা মহরম আলী (৫০) এবং চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা মো. ইব্রাহিম (৩৮)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা মো. রাজীব স্ত্রী ও দুই মাসের শিশু সন্তানকে নিয়ে নগরের বিআরটিসি ফলমন্ডী এলাকার ফুটপাতে বসবাস করছিলেন। গত ৩ অক্টোবর ভোরে ফুটপাতে মশারি টাঙিয়ে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটিকে চুরি করে নিয়ে যায় চক্রটি। ঘুম থেকে জেগে সন্তানকে না পেয়ে দিশেহারা বাবা পুলিশের দ্বারস্থ হন।
এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে মহরম আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তাঁর হেফাজত থেকে নিরাপদে শিশুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে অপর আসামি ইব্রাহিমকে একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনায় কোতোয়ালী থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। চক্রের সাথে যুক্ত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।