মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

ডেঙ্গু-মশা ও জলাবদ্ধতা ঠেকাতে ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা। পাশাপাশ

ডেঙ্গু-মশা ও জলাবদ্ধতা ঠেকাতে ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি
ছবি: সংগৃহীত

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা। পাশাপাশি কমিটিগুলোর কার্যক্রম সমন্বয় ও পর্যবেক্ষণে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি গঠন করা হবে।

রবিবার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজধানীর জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং খালের সীমানা নির্ধারণ ও পুনঃখননের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসব কাজে দৃশ্যমান অগ্রগতি আনতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়কে কেন্দ্র করে ১০টি করে মোট ২০টি জোনাল কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, মহানগর পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা ও চিকিৎসা বিভাগের প্রতিনিধিরা থাকবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও কমিটিতে যুক্ত করা হবে।

কমিটিগুলোর প্রধান দায়িত্ব হবে সংশ্লিষ্ট এলাকা সরেজমিনে পরিদর্শন করে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, খালের সীমানা চিহ্নিত করা এবং খননকাজের অগ্রগতি তদারকি করা। একই সাথে মশক নিধন কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করবেন তাঁরা।

২০টি জোনাল কমিটির কাজ সমন্বয় ও তদারকির জন্য আলাদা উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি গঠন করা হবে। এতে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, যুগ্ম সচিব, সিটি করপোরেশনের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০