মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দেওয়ার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দেওয়ার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এতে তিনি বলেন, ‘ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা করুন, এডিস মশার জন্মস্থান ধ্বংস করুন।’

ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সবাই একসাথে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষের সম্মিলিত অংশগ্রহণের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সবাই মিলে উদ্যোগ নিলে অন্যান্য সমস্যার সমাধানও সম্ভব।

ডেঙ্গু পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমে প্রায়ই বিভিন্ন বয়সী মানুষের ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ও মৃত্যুর খবর দেখা যায়। প্রিয়জনকে হারানোর কষ্ট যাঁরা ভোগ করেন, তাঁরাই সেই বেদনা সবচেয়ে ভালো বোঝেন।

তিনি বলেন, সবাই মিলে চেষ্টা করলে এবং নিজ নিজ জায়গা থেকে কিছুটা দায়িত্ব পালন করলে অনেক মানুষকে ডেঙ্গুর ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব। এ জন্য নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০