সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা বাড়ানো এবং মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এসব কমপ্লেক্সে সাংবাদিকদের জন্য বিভিন্ন সুবিধার পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও বিনোদনের ব্যবস্থা রাখা হবে।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া সারিন্দা সাফারি রিসোর্টে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ময়মনসিংহ সিটি করপোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী জানান, ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। সেখানে সিনিয়র-জুনিয়র সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ ও শিক্ষার্থীদের জন্য বিনোদনের সুযোগ থাকবে।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে ইয়াসের খান চৌধুরী বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম বাড়াবে বলে তিনি আশা করেন। দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতার যথাযথ ব্যবহার করতে হবে।
পরীক্ষার স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নকল বন্ধ করেছেন। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে মেধার ভিত্তিতে পরীক্ষার ফলাফল নিশ্চিত করা হবে। পরীক্ষায় কারচুপি ও নকলের কোনো সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উন্নয়নের যে ধারা শুরু করেছেন, তা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীদের এখন থেকেই সঠিক পথ বেছে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে রাজনীতিবিদ, সংসদ সদস্য, মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির মতো নেতৃত্ব তৈরি হতে পারে।
ময়মনসিংহের যোগাযোগব্যবস্থা উন্নয়নের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলায় বিমানবন্দর স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে তিনি ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। প্রয়োজন হলে বিষয়টি আবারও মন্ত্রিসভায় উত্থাপন করবেন।
এ ছাড়া মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের ৩৩ জন সংসদ সদস্যের স্বাক্ষরসংবলিত একটি ডিও লেটার নেওয়া হয়েছে। প্রকল্পটির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইনশাআল্লাহ সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়িত হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এবং ডিআইজি মোহাম্মদ জাহেদুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।