চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ফুঁসে উঠেছেন চন্দনাইশ উপজেলার দোহাজারীর স্থানীয় বাসিন্দারা। দোহাজারীবাসীকে ইঙ্গিত করে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দেওয়ার অভিযোগে সংসদ সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় শত শত স্থানীয় অধিবাসী একত্রিত হয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দোহাজারী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভ চলাকালে স্থানীয় জনতা ‘এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি?’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাতকানিয়া উপজেলার পুরানগড় শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বক্তব্য দেন। উক্ত বক্তব্যে প্রস্তাবিত ‘উত্তর সাতকানিয়া’ উপজেলা গঠনের বিরোধিতার প্রসঙ্গ টেনে তিনি দোহাজারীর অবস্থানকে উদ্দেশ্য করে সংশ্লিষ্টদের ‘ষড়যন্ত্রকারী’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। একই সাথে তিনি উত্তর সাতকানিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সংসদ সদস্যের দেওয়া ওই বক্তব্যের ভিডিও ক্লিপ ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দোহাজারীজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দারা মহাসড়কে নেমে এসে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে দোহাজারী মোড়ে এসে পথসভায় রূপ নেয়।
পথসভায় বক্তারা বলেন, দোহাজারী দক্ষিণ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক জনপদ। এ অঞ্চলের সাধারণ মানুষকে ঢালাওভাবে ‘ষড়যন্ত্রকারী’ বলা অত্যন্ত অপমানজনক ও দুঃখজনক। এ ধরনের বক্তব্য চন্দনাইশ ও দোহাজারীর সর্বস্তরের মানুষকে চরমভাবে ক্ষুব্ধ করেছে।
সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দোহাজারীবাসীর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জোর দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়া হলে লাগাতার রাজপথ অবরোধসহ আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।