বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পায়ে চোট লেগেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। ছবিতে তাঁর পায়ে ‘ওয়াকিং বুট’ দেখা গেছে। তবে কীভাবে চোট পেয়েছেন, তা জানাননি অভিনেতা। এমনকি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবির ক্যাপশনে সিদ্ধার্থ লিখেছেন, ‘আমি “ব্রেক আ লেগ” কথাটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম।’ তাঁর এই মন্তব্য থেকেই পায়ে চোট পাওয়ার বিষয়টি সামনে আসে।
এদিকে ব্যক্তিগত জীবনেও নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন সিদ্ধার্থ ও তাঁর স্ত্রী অভিনেত্রী কিয়ারা আদভানি। গত ৭ অক্টোবর দ্বিতীয় সন্তান আসার খবর জানান এই তারকা দম্পতি। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। মেয়ের নাম রাখা হয়েছে সারায়াহ মলহোত্রা।
কিছুদিন আগেই স্ত্রী ও মেয়েকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন সিদ্ধার্থ। পরিবারের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।
বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়েও একাধিকবার কথা বলেছেন এই অভিনেতা। সম্প্রতি ‘বিগ বস ২০’-এর মঞ্চে সালমান খানের সাথে আলাপচারিতায় সিদ্ধার্থ জানিয়েছিলেন, বাবা হওয়া তাঁর জীবনের অন্যতম সেরা অনুভূতি।
সিদ্ধার্থকে সম্প্রতি ‘দ্য বন’ ছবিতে দেখা গেছে। তবে পায়ের চোটের কারণে তাঁর কাজের সূচিতে কোনো পরিবর্তন এসেছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।