মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়ে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এ লক্ষ্যে জাহাজ নির্মাণ, সামুদ্রিক অবকাঠামো, বস্ত্র, পানি ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর এবং কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়ে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এ লক্ষ্যে জাহাজ নির্মাণ, সামুদ্রিক অবকাঠামো, বস্ত্র, পানি ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর এবং কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সিওয়ার্ড সিওয়ার্ডসমা সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের নতুন সরকারের দায়িত্ব গ্রহণের বিষয়টি উল্লেখ করে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করে উভয়পক্ষ। নেদারল্যান্ডসের মন্ত্রী সামুদ্রিক বাণিজ্য প্রতিনিধিদলের সফর এবং বস্ত্র ও পানি খাত নিয়ে সম্ভাব্য সফরের কথা জানান। আগামী ৫০ বছরে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের পক্ষ থেকে জাহাজ নির্মাণ, সেমিকন্ডাক্টর ও তৈরি পোশাকশিল্পে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশের এলডিসি উত্তরণের সময়সীমা বাড়ানোর অনুরোধে নেদারল্যান্ডসের সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সাম্প্রতিক বৈশ্বিক সংকটের প্রভাব বিবেচনায় নিয়ে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনায় অগ্রগতির বিষয়েও তিনি সহযোগিতা কামনা করেন।

বৈঠকে পানি খাতে দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে দুই পক্ষ। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পানি ও বদ্বীপ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা বাড়ানো, বিশেষ করে খাল খননের বিষয়েও আলোচনা হয়। পানি ব্যবস্থাপনা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এছাড়া, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্পৃক্ততা অব্যাহত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন হুমায়ুন কবির। পাশাপাশি অভিবাসন, বহুপক্ষীয় সহযোগিতা, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের সভাপতিত্ব এবং জাতিসংঘ সংস্কারের অগ্রগতি নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এসব তথ্য জানান।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০