চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর মশাল মিছিলটি বের করা হয়। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি। এটি বিদেশি কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে বন্দরের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এনসিটি দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া বাতিল অথবা পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় দাবি আদায়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
শ্রমিক নেতারা বলেন, দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশ শেষে বন্দর ভবনের সামনে থেকে মশাল মিছিল বের করেন শ্রমিক ও আন্দোলনকারীরা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে দাবি আদায়ের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় বন্দর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
নিউজনাউ/এসএইচআর/পিপিএন/২০২৬









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।