চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র) ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এসআরবি-৭ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের নতুন ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
এসআরবি-৭ সূত্রের জানা যায়, মহাসড়কের পাশে এক সশস্ত্র ব্যক্তি অবৈধ অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত রাতের অন্ধকারে পালিয়ে যান।
পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দুটি গাছের গুঁড়ির মাঝখানে পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি পাওয়া যায়। ব্যাগটি খুলে তল্লাশি চালিয়ে একটি পাইপগান টাইপ দেশীয় তৈরি এলজি এবং দুই রাউন্ড লাল রঙের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য সেগুলো হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।