চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির চার ইউনিটের নেতাকর্মী ও তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃণমূলের নেতাদের প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হয়ে সভা চলে বিকেল ৫টা পর্যন্ত।
এতে ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। সভায় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
সভায় সরোয়ার আলমগীর বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমা, সাঁওতালসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাঁকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এ সমর্থনের ঋণ কখনো শোধ করতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে কাজ করছেন তিনি।
সরকারের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে মানুষের বিভিন্ন দাবির প্রতিফলন রয়েছে। ধীরে ধীরে উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করা হবে।
আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে সরোয়ার আলমগীর বলেন, তাঁকে যেভাবে তৃণমূল থেকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, একইভাবে আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলকে প্রাধান্য দেওয়া হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। অন্যায় করলে প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না—মন্ত্রী থেকে সংসদ সদস্য পর্যন্ত। তাই সবাইকে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। আগামী ইউপি নির্বাচনে তিনি ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর তৃণমূলের নেতাদের বেছে নেবেন বলে জানান।
সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সরোয়ার আলমগীরকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ফয়সাল মাহমুদ ফয়েজী।
উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ফজল বারী, আবুল কালাম আজাদ, ফরিদুল আলম চেয়ারম্যান ও শাহনেওয়াজ সেবুলসহ স্থানীয় নেতারা।
সভায় প্রায় দেড় হাজার তৃণমূল নেতাকর্মী অংশ নেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।