চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু সংযোগ সড়কের নতুন ব্রিজ এলাকায় ফুটপাত দখল করে প্লাস্টিক ও লোহার ড্রাম রেখে পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটানোর দায়ে একটি প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত এক বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক কার্যালয় সূত্রে জানা যায়, নতুন ব্রিজ এলাকার মীর পেট্রোল পাম্প সংলগ্ন ব্যস্ততম ফুটপাত অবৈধভাবে দখল করে বিভিন্ন ধরনের ড্রাম রেখে বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে ওই পথ দিয়ে চলাচলকারী পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনস্বার্থে পরিচালনা করা এই অভিযানে ড্রাম রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালেই ফুটপাতে স্তূপ করে রাখা ড্রামগুলো দ্রুত অপসারণের কাজ শুরু হয়। পরবর্তীতে মঙ্গলবারের মধ্যেই অবশিষ্ট সব ড্রাম সরিয়ে পুরো ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযান শেষে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, সাধারণ মানুষের সুরক্ষায় নগরের সব ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে পথচলা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের এই ধরনের উচ্ছেদ ও সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।