চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন হযরত ইয়াছিন আউলিয়া আলিম মাদ্রাসার পরিচালনার জন্য সভাপতি মনোনয়নসহ চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন এ কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে বিধি অনুযায়ী নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ হাছান। সদস্য সচিব করা হয়েছে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুর রহিমকে। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ দিদারুল ইসলাম এবং সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার হোসেন চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কোনো কর্মকাণ্ডের সঙ্গে কমিটি জড়িত হলে সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী এ কমিটি যেকোনো সময় বাতিল করা যেতে পারে। একই সঙ্গে বর্তমান এডহক কমিটির মেয়াদকালের মধ্যেই বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে। এ ছাড়া মাদ্রাসার আগামী পরীক্ষার ফলাফল গুণগত ও সংখ্যাগত উভয় দিক থেকেই সন্তোষজনক করার পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ হাছান বলেন, মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষার ফলাফল ভালো করা এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দায়িত্বের মেয়াদের মধ্যে বোর্ডের নির্দেশনা ও বিধিবিধান মেনে নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়াও সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মাদ্রাসাটিকে আরও এগিয়ে নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এ জন্য দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে।
মাদ্রাসার সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এডহক কমিটির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি আসার পাশাপাশি শিক্ষার মান, পরীক্ষার ফলাফল ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন হবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।