মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—সরকার-সংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্রের বরাতে এমন খবর পাওয়া গেছে। অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়ার পর তাঁকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, রবিবার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সূত্রগুলো জানিয়েছে।
এর আগে রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। তাঁর সাথে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় বিএনপি ও সরকারসংশ্লিষ্ট মহলেও অস্বস্তি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দল ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মাদকবিরোধী অভিযান পরিচালনায় আপত্তি না থাকলেও একজন প্রতিমন্ত্রীর নিজের হাতে অস্ত্র নিয়ে অভিযানে নামা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের মতে, মাদক দমনে প্রশাসনকে কাজে লাগানোর পরিবর্তে তিনি নিজেই কেন এভাবে অভিযানে অংশ নিয়েছেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকা আকস্মিক পরিদর্শন করে সেবার মান এবং পরিচ্ছন্নতা উন্নয়নে নির্দেশনা দিচ্ছেন, তখন ইশরাকের কর্মকাণ্ড সরকারকে বিব্রত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টদের কেউ কেউ।
শনিবার সকালে রাজধানীর ১৩টি স্থানে আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন তিনি। কোথাও কোথাও পরিস্থিতির উন্নতির জন্য সময়সীমাও নির্ধারণ করে দেন।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রীর ওই পরিদর্শনের দিনই ইশরাকের অস্ত্র হাতে অভিযানের ঘটনা সামনে আসায় সরকারের ইতিবাচক কর্মকাণ্ড নিয়ে আলোচনা আড়ালে পড়ে যায় বলে মনে করছেন দল ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ। এমন পরিস্থিতিতে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে সরকারের সদস্যদের আচরণ ও জবাবদিহির বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে নির্দেশের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।