ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের সময়সূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ সভায় সারা দেশে ধাপে ধাপে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা এবং নির্বাচনের সময় নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে।
রবিবার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশনের ১৩তম সভাটি অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন আয়োজনের বিষয় রয়েছে। এর মধ্যে দেশজুড়ে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার পরিকল্পনা ও সময় নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তাদের মধ্যে ক্ষমতা অর্পণ ও বণ্টনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সভায় ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রস্তাব এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।