রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কনসার্টের প্রধান আকর্ষণ ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউল মঞ্চে ওঠার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় কনসার্টের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দর্শক-শ্রোতাদের অনেকে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত কনসার্টে এ ঘটনা ঘটে।
কনসার্ট শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন উপস্থিত দর্শক-শ্রোতারা। বিভিন্ন ব্যান্ডভিত্তিক গ্রুপেও এ নিয়ে পোস্ট দিতে দেখা যায়। এক দর্শক লিখেছেন, ‘কনসার্টের গেট ভাঙার জন্য ঢাকার মানুষেরা সেরা।’ এ ছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে টিকিট ছাড়া দর্শকদের কনসার্টস্থলে প্রবেশের অভিযোগ উঠেছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে কনসার্টস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির চিত্র দেখা গেছে। এসব ভিডিওতে কয়েকজন দর্শককে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শোনা যায়। এক ব্যক্তিকে কনসার্টের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করতে দেখা যায়। তার দাবি, পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে অনেকেই টিকিট ছাড়াই কনসার্টস্থলে প্রবেশ করেছেন।
ছড়িয়ে পড়া অন্য ভিডিওগুলোতে কনসার্টস্থলের বেষ্টনি ভাঙা ও ছেঁড়া অবস্থায় দেখা যায়। কয়েকজনকে সেই বেষ্টনি টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করতেও দেখা গেছে।
কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। এর মধ্যে কিছু পাথর তাদের শরীরেও লাগে বলে দাবি করেন তারা। এক দর্শকের অভিযোগ, আয়োজকদের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া কনসার্টস্থলে মাদক নিয়ে প্রবেশ, ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগও করেছেন কেউ কেউ।
এমন পরিস্থিতিতে টিকিট কেটে কনসার্ট দেখতে যাওয়া দর্শকদের অনেকে আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয় বলে জানা গেছে।
তবে কনসার্ট ঘিরে ওঠা এসব অভিযোগের বিষয়ে আয়োজকপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।