প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে সামনে রেখে ঢাকা-জাপানের নারিতা রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ অক্টোবর থেকে এ রুটে সপ্তাহে একটি ফ্লাইটের পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
তবে এই সপ্তাহে জাপানের উভয় ফ্লাইটের সব টিকিটই শেষ হয়ে গেছে।
বর্তমানে ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহে একটি ফ্লাইট (প্রতি সোমবার) পরিচালিত হচ্ছে। নতুন সূচি কার্যকর হলে প্রতি সোমবারের পাশাপাশি বৃহস্পতিবারও সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর ফলে দুই দেশের মধ্যকার আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সফর শেষে আগামী ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, চলতি মাসের শেষ দিক থেকেই ঢাকা-নারিতা রুটে দ্বিতীয় ফ্লাইট যুক্ত হচ্ছে। ২৯ অক্টোবর থেকে নতুন এই ফ্লাইটটি নিয়মিত চলাচল শুরু করবে। এতে জাপানপ্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সাথে উল্লেখ্য, ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট ২০২৩ সালের সেপ্টেম্বরে, ১৭ বছর বিরতির পর প্রথম চালু হয়েছিল। তবে উড়োজাহাজের সংকট, পরিচালন ব্যয় ও বাণিজ্যিক বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর গত জুলাই মাসে ঢাকা-নারিতা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।