রাজধানীর যানজট কমাতে দক্ষিণবঙ্গের ১৯টি জেলার দূরপাল্লার বাসের জন্য অস্থায়ী টার্মিনাল চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকার চুনকুটিয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় টার্মিনালটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে এ টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গের ১৯টি জেলায় বাস চলাচল শুরু হবে। এর ফলে রাজধানীর ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি নগরীর যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাও এ উদ্যোগের লক্ষ্য।
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে অনুষ্ঠিত সভাগুলোতে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে অস্থায়ী টার্মিনালটি স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। গত ২৪ মার্চ, ১৪ মে, ১৫ জুন ও ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর যানজট কমানো এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনস্বার্থে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।