মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ৪

সাভারের হেমায়েতপুরে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, এসব ফোন

ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

সাভারের হেমায়েতপুরে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, এসব ফোন ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি লেনদেন এবং মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ জমা, স্থানান্তর ও উত্তোলন করা হতো।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার সিংগাইর সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের দক্ষিণ পাশে হুমায়ুন কবিরের মালিকানাধীন লন্ডনার্স রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার সালগারিয়া সরদার পাড়ার মো. জাহাঙ্গীর আলম (৪৫), নুরপুর এলাকার মো. রেজাউল কবির (৫৪), রাধানগর এলাকার ওবায়দুর রহমান (৬৮) এবং গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ী এলাকার মো. সুজন (৪৩)।

ডিবি জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই রেস্টুরেন্টে অভিযান চালায়। এসআই মো. শাহাদাৎ হোসেনসহ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন। সেখানে অনলাইনভিত্তিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম পরিচালনার তথ্য পেয়ে অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা চারটি অ্যান্ড্রয়েড ফোনে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অ্যাপ বিন্যান্স (Binance) পাওয়া গেছে। এসব ফোনের মাধ্যমে ইউএসডিটি (USDT) ক্রিপ্টোকারেন্সি লেনদেনের পাশাপাশি বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ জমা, স্থানান্তর এবং উত্তোলনের কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া গেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০