চট্টগ্রামের লোহাগাড়ায় গোসল করতে গিয়ে পুকুরে নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর সন্তোষ কুমার দাশ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের তুলাতুলী বাজার এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সন্তোষ কুমার দাশ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া কলেজের পশ্চিমে বৈরাগীপাড়া এলাকার বাসিন্দা।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারম্যান মোহাম্মদ সজিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই পুকুরে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার খবর পেয়ে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে। পরে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে পুকুর থেকে সন্তোষ কুমার দাশের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, ওই বৃদ্ধ গোসল করতে পুকুরে নেমেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কীভাবে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ বলেন, ‘বিষয়টি আমাদের কেউ অবগত করেনি। আপনার মাধ্যমে জানতে পেরেছি।’









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।