শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তাব্যবস্থায় কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বোয়ালখালীর করলডেঙ্গা সন্ন্যাসী পাহাড়ের চূড়ায় অবস্থিত মেধস মুনির আশ্রম পরিদর্শনকালে তাঁরা এ কথা জানান।
দুর্গাপূজার উদ্ভবস্থল হিসেবে পরিচিত চণ্ডী তীর্থ মেধস আশ্রমে পূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন জেলার এই দুই শীর্ষ কর্মকর্তা। এ সময় তাঁরা আশ্রমের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নতুন সরকার গঠনের পর এবারই প্রথম শারদীয় দুর্গোৎসব। উৎসবকে আনন্দমুখর করার পাশাপাশি সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের চিত্র বিশ্বের কাছে তুলে ধরতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি জানান, এবার সারা দেশে দেড় হাজারের বেশি নতুন সর্বজনীন দুর্গামণ্ডপ যুক্ত হয়েছে। চট্টগ্রাম জেলাতেও প্রায় ৪০০টি পূজামণ্ডপ বেড়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তার পরিমাণও বাড়ানো হয়েছে। আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপের অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানান তিনি।
নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জেলা প্রশাসক বলেন, পূজায় আনসার বাহিনীর প্রায় সাড়ে ১২ হাজার সদস্য এবং পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। কোনো পূজামণ্ডপ যাতে স্বেচ্ছাসেবীশূন্য না থাকে, সে জন্য পালাক্রমে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, শুক্রবার থেকে পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে। পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল পেট্রোলিং, সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা ও বিট পুলিশিং কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার ও নাশকতার চেষ্টা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবীদের সক্রিয় রাখা এবং সূর্যাস্তের আগে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন এবং আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ দীপানন্দ ব্রহ্মচারী মহারাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।