চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভবনে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি ওয়াকিল হোসেন ওরফে ‘বিহারী বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযানে খোদ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সরাসরি বাধার অভিযোগ উঠেছে। মেয়রের তোপের মুখে পড়ে এবং তাঁর হস্তক্ষেপে নগর ভবন থেকে খালি হাতে ফিরে আসতে বাধ্য হয় সিএমপির খুলশী থানা-পুলিশ।
অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শীর্ষ সন্ত্রাসী বগা নগর ভবনের ভেতরে মেয়রের কার্যালয়ে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে নগর ভবনের চারিদিক ঘিরে ফেলে সিএমপির উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন ও খুলশী থানার যৌথ দল।
পুলিশ কর্মকর্তারা ভবনের ভেতরে প্রবেশ করলে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন তাঁদের ওপর চরম অসন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সদস্যদের অবিলম্বে নগর ভবন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।
একপর্যায়ে মেয়রের তোপের মুখে বগাকে গ্রেপ্তার না করেই স্থান ত্যাগ করে পুলিশ। এ সময় ঘটনার সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের ওপর মেয়রের অনুসারীরা চড়াও হয় এবং ধাক্কাধাক্কি করে মোবাইল কেড়ে নেয় বলে অভিযোগ ওঠে।
ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় ক্ষুব্ধ চসিক মেয়র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "আপনারা এখানে কী জন্য এসেছেন? সিটি করপোরেশনে ১০০ জন মানুষ আসবে। আপনারা চলে যান।"
মেয়রের এই প্রকাশ্য হস্তক্ষেপে পুলিশি অভিযান ভেস্তে যাওয়ায় নগরজুড়ে চরম সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।