চট্টগ্রামের মিরসরাইয়ে ইলিশের প্রজনন মৌসুম রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে প্রায় ৩৯৫ কেজি ইলিশ মাছসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আবু তাহের নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের।
প্রশাসন জানায়, জব্দ করা এসব ইলিশ মাছ তাৎক্ষণিকভাবে উপজেলার ২৮টি এতিমখানা, ২৭ জন দুস্থ ব্যক্তি এবং পশ্চিম কিসমত জাফরাবাদ আশ্রয়ণ প্রকল্পের ৯১টি দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা সুলতানা লিনা ও যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ ধরনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কঠোর কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।