চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. রিয়াজ (২৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। চলন্ত একটি কাভার্ডভ্যানের পেছনে কলা বোঝাই পিকআপ সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
শনিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ রাঙামাটি সদর উপজেলার কলেজ গেট এলাকার আব্বাস আলীর ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাঙামাটি থেকে কলা বোঝাই পিকআপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন রিয়াজ। পথিমধ্যে সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে পৌঁছালে সামনে থাকা একটি অজ্ঞাত কাভার্ডভ্যান হঠাৎ হার্ডব্রেক করে। এ সময় পেছনে থাকা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক রিয়াজ ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।
পরবর্তীতে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে তাঁকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার শিকার পিকআপটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।