চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পুকুর থেকে প্রায় ১২ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের বিরাট এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকারী দল সাপটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা শেষে মহামায়া ইকোপার্কের পাহাড়ি বনে অবমুক্ত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া গ্রামের একটি পুকুরে বড় আকৃতির অজগরটি ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা সেটি আটক করে রাখেন। পরে বন্যপ্রাণী বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন 'ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ'-এ খবর দেওয়া হলে সংগঠনটির সদস্য সাজিদুল ইসলাম সাজিদ ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারের পর সাপটিকে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া ইকোপার্কের বনে নিরাপদে অবমুক্ত করা হয়। এ সময় রেসকিউ টিমের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় ও সহ-দপ্তর সম্পাদক রাসেল আলম উপস্থিত ছিলেন।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী অত্যন্ত জরুরি। কোনো এলাকায় সাপ বা বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে বা পিটিয়ে হত্যা না করে বন বিভাগ অথবা উদ্ধারকারী টিমকে খবর দেওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানান তারা।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।