মিরসরাইয়ে বাংলাদেশ রেলওয়ের লিজ নেওয়া সীমার বাইরে অতিরিক্ত দেড় একর সরকারি জমি অবৈধভাবে দখল এবং জালিয়াতির মাধ্যমে সরকারের ১ কোটি ১২ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৯ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ সংস্থাটির উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর উপপরিচালক রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মীরসরাইয়ের পশ্চিম হিঙ্গুলি মৌজায় পরিবেশবান্ধব সিমেন্ট ও ব্লক কারখানা স্থাপনের জন্য ২০১৬ সালে রেলওয়ের কাছে ৩ দশমিক ৭৫ একর জমি দীর্ঘমেয়াদি লিজের আবেদন করেছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি ও গ্যাসমিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উর রহমান রুহেল। তবে লিজ চূড়ান্ত হওয়ার আগেই তিনি ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমিও ভরাট করে সেমিপাকা কারখানা ও দ্বিতল অফিস ভবন নির্মাণ করেন। এছাড়া একটি সরকারি পুকুর ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন এবং বৈধ লাইসেন্সধারী একরামুল হকের লিজভুক্ত জমি জবরদখল করারও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
তদন্তে আরও বেরিয়ে আসে, তৎকালীন রেলমন্ত্রী মো. মুজিবুল হকের বিশেষ নির্দেশনায় নীতিমালা শিথিল করে ২০১৮ সালে গ্যাসমিন লিমিটেডকে শূন্য দশমিক ৭৪ একর জমি অস্থায়ী ভিত্তিতে দেওয়া হলেও, পরবর্তীতে ভূমি অফিসের সরেজমিন পরিমাপে লিজ সীমার বাইরে আরও ১ দশমিক ৫৪ একর (১৫৪ শতক) রেলভূমি অবৈধ দখলে রাখার সত্যতা মেলে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে সরকারের মোট ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাতের অভিযোগে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত মাহবুব উর রহমান রুহেল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।