চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসচাপায় নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যুর পর তার ব্যবহৃত মোবাইল ফোনের একটি কভার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিহত এই শিক্ষার্থীর মোবাইল কভারে ইংরেজিতে লেখা ছিল ‘Death like autumn leaves’—যার বাংলা অর্থ ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’। আকস্মিক এই মর্মান্তিক মৃত্যুর সঙ্গে কভারের এই লেখাটি মিলে যাওয়ায় সহপাঠী ও নেটিজেনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে সীতাকুণ্ডের কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, একটি দ্রুতগামী লরির ধাক্কায় ৮ নম্বর রুটের একটি মিনিবাস উল্টে গেলে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সহপাঠীর এমন আকস্মিক ও হৃদয়বিদারক প্রয়াণে মানসিকভাবে ভেঙে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাইশার মোবাইল কভারে থাকা প্রতীকী ও ভবিষ্যদ্বাণীর মতো মনে হওয়া এই বাক্যটি দেখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগপ্রবণ হয়ে পোস্ট করেন এবং জীবন যে কতটা ক্ষণস্থায়ী ও অনিশ্চিত, তা নিয়ে আলোচনা করেন।
এদিকে সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দোষী চালকের বিচার, মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণ ও অবৈধ পার্কিং বন্ধসহ ৮ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সংলগ্ন রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। টানা প্রায় ছয় ঘণ্টা ধরে চলা এই অবরোধের পর চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সকল দাবি দ্রুত বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।