মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ · ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক চালাবে বন্দরের সিসিটি

চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পাচ্ছে সমুদ্রগামী জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড’। কোনো প্রকার উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) নৌবাহিনী পরিচালিত এ

জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক চালাবে বন্দরের সিসিটি

চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পাচ্ছে সমুদ্রগামী জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড’। কোনো প্রকার উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) নৌবাহিনী পরিচালিত এই সরকারি প্রতিষ্ঠানটিকে সিসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্বও একই পদ্ধতিতে হস্তগত করেছিল এই প্রতিষ্ঠানটি।

বন্দর সূত্রের তথ্যানুযায়ী, টার্মিনালটি নির্মাণের পর থেকে দীর্ঘদিন ধরে বেসরকারি প্রতিষ্ঠান ‘সাইফ পাওয়ারটেক’ সিসিটি পরিচালনা করে আসছিল। গত ২ নভেম্বর সাইফ পাওয়ারটেকের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয়। বর্তমানে নতুন প্রক্রিয়ায় সিসিটি পরিচালনার বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চট্টগ্রাম ড্রাইডকের মাশুল সংক্রান্ত দরকষাকষি চলছে। ড্রাইডকের সঙ্গে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে কার্যক্রম সচল রাখতে সাইফ পাওয়ারটেকের মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিম জানান, আগামী তিন সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তী সময়ের জন্য সিসিটি অপারেটর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে। এ সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যে পাঠানো হলেও এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, দেশের মোট কনটেইনারের প্রায় ৪৫ শতাংশ ওঠানামা হওয়া নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এবং ১৪ শতাংশ কনটেইনার ওঠানামা করা সিসিটি টার্মিনালটি সৌদিভিত্তিক ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’কে (আরএসজিটি) পরিচালনার ইজারা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী বছর বিদেশি প্রতিষ্ঠান দুটি টার্মিনাল দুটির দায়িত্ব বুঝে নেওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ে দুটি টার্মিনালই ড্রাইডক পরিচালনা করবে।

তবে জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান ড্রাইডকের টার্মিনাল বা বন্দর ব্যবস্থাপনার প্রত্যক্ষ কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বেশি মাশুলে কেন তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট খাতের বার্থ অপারেটররা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, ড্রাইডক মূলত কাগজে-কলমে দায়িত্ব নিলেও বাস্তবে অলিখিতভাবে সাইফ পাওয়ারটেকের লোকবল ও যন্ত্রপাতি দিয়েই কাজ পরিচালনা করছে এবং মাঝখান থেকে অতিরিক্ত কমিশন হাতিয়ে নিচ্ছে; যা বন্দরের পরিচালনা ব্যয় অনেক বাড়িয়ে দিচ্ছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০