চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে প্রয়াত কোষাধ্যক্ষের জাল স্বাক্ষর ব্যবহার করে এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনুদানের ২ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় জাহাঙ্গীর চৌধুরীকে প্রধান আসামি এবং হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. বেলাল উদ্দীনকে দ্বিতীয় আসামি করা হয়েছে।
দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক বিভিন্ন অর্থবছরে বরাদ্দকৃত সরকারি ও অন্যান্য খাত হতে প্রাপ্ত অনুদানের মোট ২ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার টাকা ব্যাংকের ১২টি চেকের মাধ্যমে স্থানান্তর করে ব্যক্তিগত একাউন্টে নিয়ে আত্মসাৎ করেন। অনুসন্ধানকালে জানা যায়, ২০২১ সালে মারা যাওয়া সমিতির সাবেক কোষাধ্যক্ষ মো. শাহাবুদ্দিনের স্বাক্ষর জালিয়াতি করে ২০২২ ও ২০২৩ সালে আসামিরা চট্টগ্রাম আগ্রাবাদস্থিত কমার্স ব্যাংক শাখায় ওই অর্থ স্থানান্তর করেছিলেন।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে ২০২৩ সালেই জাহাঙ্গীর চৌধুরীকে হাসপাতালের সভাপতির পদ থেকে বহিষ্কার করে পরিচালনা পর্ষদ। পরবর্তীতে তিনি উচ্চ আদালতে রিট করলেও শেষ পর্যন্ত তা খারিজ হয়ে যায় এবং বর্তমানে হাসপাতালটি একটি এডহক কমিটির অধীনে পরিচালিত হচ্ছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে আইনি কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।