চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন, সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের সাথে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি তাঁর অসাম্প্রদায়িক চেতনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আদর্শে তাদের উদ্বুদ্ধ করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পটিয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে ও মনসা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রুপক শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপন কান্তি দে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ কান্তি ধর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশ, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী মোহাম্মদ আবু তাহের এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও জীবনাদর্শ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপন কান্তি দে বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংগীত, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। এতে তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়বে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ কুমার ধর বলেন, শৈশব থেকেই শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করা প্রয়োজন। জাতীয় কবির জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে জানার মধ্য দিয়ে তারা মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের শিক্ষা পেতে পারে।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন এনামুল হক এনাম এমপি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং
আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান ১২জন, ২য় স্থান ১২জন, ৩য় স্থান ১২জন। কলেজ পর্যায় থেকে ১ম স্থান ৫ জন, ২য় স্থান ৩ জন, ৩য় স্থান ২ জন। মাদ্রাসা থেকে ১ম স্থান ১৭জন, ২য় স্থান ৮ জন, ৩য় স্থান ৪ জন সহ সর্বমোট ৭৫ জন শিক্ষার্থী পুরষ্কার লাভ করেছেন। প্রাথমিক শিক্ষা প্রতিষ্টান থেকে ১ম স্থান ১০ জন, ২য় স্থান ১০জন, ৩য় স্থান ১০জন সর্বমোট ৩০ জন শিক্ষার্থী পুরষ্কার পান। নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন ৩২৫টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীরা নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য (একক), অভিনয় ও রচনা প্রতিযোগীতায় প্রায় হাজারো শিক্ষার্থী অংশ নেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।