চলতি অক্টোবর মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে চট্টগ্রাম নগরের ব্যস্ততম জিইসি মোড়ে নির্মাণাধীন ফুটওভার ব্রিজটি আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নির্মাণাধীন এই ফুটওভার ব্রিজের সার্বিক কাজ পরিদর্শনকালে তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এ সময় ব্রিজটির নকশা ও প্রস্থ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সমালোচনা করে মেয়র বলেন, স্থাপত্য ও প্রকৌশলগত কারিগরি বিদ্যা না বুঝে ভিউ ব্যবসার উদ্দেশ্যে অহেতুক সমালোচনা ছড়ানো হচ্ছে। এটি মূলত পথচারীদের নিরাপদ রাস্তা পারাপারের জন্য নির্মিত, এখানে পণ্য বিক্রি বা থাকার জায়গা তৈরি করা হয়নি।
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ও সরকারি গ্যাজেট অনুসরণের বিষয়টি তুলে ধরে তিনি স্পষ্ট করেন, গ্যাজেট অনুযায়ী জনসাধারণের ব্যবহারের জন্য ন্যূনতম প্রস্থ ১ দশমিক ২ মিটার দরকার হলেও এই ব্রিজে ক্লিয়ার স্পেস রাখা হয়েছে ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৫ মিটার পর্যন্ত। চসিকের বিশেষজ্ঞ প্রকৌশলী ও স্থপতিদের নিয়ে ড্রেন ও ফুটপাত অক্ষুণ্ন রেখেই এটি নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে। বিশেষ করে আশপাশের বেশ কয়েকটি স্কুল, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রোগীদের নিরাপদ সড়ক পারাপারে ব্রিজটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন জিইসি মোড় থেকে গোলপাহাড় মোড় পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান তদারকি করেন। এ সময় চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিদর্শনকালে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।