চট্টগ্রামের পটিয়ায় আবেদীন নাঈম (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দেওয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বটতল এলাকার ফোর এইচ ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আবেদীন নাঈম কোলাগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুস ছাত্তার সওদাগরের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা। রাতে তিনি হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুরিয়া এলাকা থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন।
চরকানাই উচ্চ বিদ্যালয়ের কিছু আগে বটতল ফোর এইচ ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে একটি সিএনজি অটোরিকশা থেকে ৩-৪ জন মুখোশধারী ব্যক্তি নেমে তার অটোরিকশার গতিরোধ করেন। পরে তাকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন নাঈম।
তিনি এতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা প্রথমে তার হাতে আঘাত করে। একপর্যায়ে তিনি ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করলে মুখোশধারীদের একজন তার হাতে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় বলে জানান তিনি।
ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে নাঈমকে উদ্ধার করেন। পরে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তিনি পুলিশকে বিষয়টি জানান।
নাঈম বলেন, হামলাকারীদের সবার মুখে মাস্ক থাকায় কাউকেই তিনি চিনতে পারেননি। ঘটনার পর এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন কোলাগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহসভাপতি জানে আলম। তিনি বলেন, নাঈমের ওপর হামলায় যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এদিকে কোলাগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
নিউজনাউ/এসএইচআর/পিপিএন/২০২৬









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।