মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকের আসর, অংশ নিতেন যারা

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে ডিজে পার্টির আয়োজনের অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, বাড়িটিতে প্রতি মাসে ২০ থ

অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকের আসর, অংশ নিতেন যারা
ছবি: সংগৃহীত

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে ডিজে পার্টির আয়োজনের অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, বাড়িটিতে প্রতি মাসে ২০ থেকে ২২টি পার্টির আয়োজন করা হতো। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এসব অনুষ্ঠানে অংশ নিতেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (২১ অক্টোবর) ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এসব তথ্য জানান।

ডিবির এই কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে উচ্চ শব্দে গান বাজিয়ে ডিজে পার্টি করতে দেখেন পুলিশ সদস্যরা। বাড়ির সামনে ও আশপাশে প্রায় ২২টি গাড়ি ছিল। এ ছাড়া শিসা সেবনের কারণে বাড়ির ভেতরে ধোঁয়াচ্ছন্ন পরিবেশ ছিল বলে জানান তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পার্টিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যাংকারসহ বিভিন্ন পেশার তরুণ-তরুণীরা অংশ নিতেন। অভিযানের সময় সেখানে ২৬ জন তরুণীকে পাওয়া যায়। তাঁদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। উপস্থিত ব্যক্তিদের মধ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও ছিলেন বলে জানিয়েছে ডিবি।

অভিযানকালে তিন বোতল মদ, ইয়াবা ও ‘কুশ’ নামের একটি মাদকদ্রব্য উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ছাড়া যৌনস্বাস্থ্য-সংশ্লিষ্ট কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

পুলিশ বাড়িটিতে প্রবেশ করার পর পার্টি বন্ধ হয়ে যায়। এ সময় উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন কক্ষে চলে যান। পুলিশ জানিয়েছে, ভবনটিতে মোট পাঁচটি কক্ষ ছিল।

ডিসি ইলিয়াস কবির জানান, ‘এয়ারবিএনবি’ ও ‘ট্রাভেলা’ নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা এতে যোগ দিতেন। প্রতি মাসে এ ধরনের ২০ থেকে ২২টি আয়োজনের তথ্য পেয়েছে পুলিশ।

তিনি আরও জানান, প্রতিটি পার্টিতে অংশ নেওয়ার জন্য জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো। বাড়ি ভাড়া বাবদও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়ে পুলিশ জানায়, পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে, নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০