যশোরে বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। এ ঘটনায় স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে তাকে লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। হামলায় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এই অভিনেতাকে। তার মাথার ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে যশোর শহরের নলডাঙ্গা রোডে অভিনেতার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
সমু চৌধুরী জানান, বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে স্থানীয় দুই ব্যক্তির সাথে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দুই ব্যক্তি তার ওপর চড়াও হয়ে লাঠি দিয়ে মারধর করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, দুপুর ১২টা ৪০ মিনিটে মাথায় কাটা জখম নিয়ে হাসপাতালে আসেন সমু চৌধুরী। তার ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।