মাত্র ৩৯ বছর বয়সে মারা গেছেন ব্রাজিলের অভিনেত্রী ও গায়িকা লুয়া ব্লাঙ্কো। অন্ত্রের ক্যানসারে আক্রান্ত এই শিল্পী গত ১৮ অক্টোবর শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাই ড্যানিয়েল ব্লাঙ্কো।
ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, জীবনের শেষ কয়েক মাস অন্ত্রের ক্যানসারের সাথে লড়াই করেছেন লুয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে বোনের মৃত্যুর খবর জানিয়ে ড্যানিয়েল লেখেন, ‘প্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমরা আমাদের প্রিয় বোন লুয়া মারিয়া ব্লাঙ্কোকে হারিয়েছি।’
বোনের শেষ সময়ের স্মৃতিচারণা করে ড্যানিয়েল জানান, অসুস্থতার শেষ দিনগুলোতে পরিবার ও বন্ধুদের ভালোবাসায় ঘেরা ছিলেন লুয়া। তাঁদের সাথেই জীবনের কঠিন সময় পার করেছেন এই শিল্পী।
অভিনয় ও সংগীতের পাশাপাশি গীতিকার এবং লেখিকা হিসেবেও পরিচিত ছিলেন লুয়া ব্লাঙ্কো। টেলিভিশন ধারাবাহিক ‘রেবেলদে ব্রাজিল’-এ রবার্টা মেসি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। পরে ধারাবাহিকটির স্পিন-অফ ব্যান্ডে সংগীত পরিবেশনার মাধ্যমেও দর্শক-শ্রোতাদের নজর কাড়েন।
১৯৮৭ সালের ৫ মার্চ ব্রাজিলের সাও পাওলোতে জন্মগ্রহণ করেন লুয়া। সংগীতপ্রেমী পরিবারে বেড়ে ওঠা এই শিল্পী ছিলেন ব্রাজিলের বিখ্যাত সংগীতশিল্পী বিলি ব্লাঙ্কোর নাতনি। মাত্র ৩৯ বছর বয়সে তাঁর মৃত্যুতে বিনোদনজগতে শোকের আবহ তৈরি হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।