পঞ্চ কবির কালজয়ী গান নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সংগীতানুষ্ঠান ‘পঞ্চার্ণব’। ‘সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ, বাংলাদেশ’-এর আয়োজনে বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে এ সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
পঞ্চ কবির গানের বৈচিত্র্য, বাণী ও সুরের সমন্বয়ে সাজানো এ আয়োজনে সংগীত পরিবেশন করেন সুবর্ণা দাশ, জয়শ্রী ধর, ডা. স্বাগতা নন্দী ও শ্যামলী পাল। তাঁদের কণ্ঠে প্রেম, প্রকৃতি, ভক্তি, মানবতা ও জীবনের নানা অনুভূতি উঠে আসে।
সংগীত পরিবেশনার আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত ব্যক্তিত্ব ও গবেষক এবং ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন। তিনি বলেন, পঞ্চ কবির গানের গভীরতা, বাণী ও সুর যুগ যুগ ধরে মানুষকে সত্য ও সুন্দরের দিকে ধাবিত করেছে। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত।
সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ, বাংলাদেশের সভাপতি অরুণ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাচিকশিল্পী প্রবীর পাল। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন।
অনুষ্ঠানের সার্বিক নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন সংগীতশিল্পী ও প্রশিক্ষক সুব্রত দাশ অনুজ।
যন্ত্রসংগীতে সহযোগিতা করেন রিপন শীল (কিবোর্ড), মলয় কুমার ইন্দু (অ্যাকোস্টিক গিটার), শ্যামল চন্দ্র দাশ (বেহালা), সুজন দাশ (বাঁশি) ও মো. ফারুক হোসেন (মন্দিরা)।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।