মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, ১২ দিন পর গ্রেপ্তার এক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে মাত্র ১২ সেকেন্ডে এক ব্যবসায়ীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১২ দিন পর মো. হাবিবুল্লাহ খাঁন মানিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে নগরের বাকলিয়া থানার ইছাকের পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার কর

১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, ১২ দিন পর গ্রেপ্তার এক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে মাত্র ১২ সেকেন্ডে এক ব্যবসায়ীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১২ দিন পর মো. হাবিবুল্লাহ খাঁন মানিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে নগরের বাকলিয়া থানার ইছাকের পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে পাঁচলাইশ থানার বিবিরহাট কাঁচাবাজার সড়কের সলিমুল্লাহ শাহ মসজিদসংলগ্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী এস এম রফিকুল ইসলাম (৫৭) আতুরার ডিপো এলাকার খাজা ফার্মেসির মালিক।

মামলার এজাহারে বলা হয়, দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে একটি অটোরিকশা থেকে দুই ব্যক্তি নেমে তাঁকে ধারালো ছোরা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তাঁর কাঁধে থাকা কালো রঙের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান তাঁরা। ব্যাগে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মুঠোফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাইয়ের বিষয়টি আলোচনায় আসে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানায় মামলা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিবুল্লাহ খাঁন মানিককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। প্রাথমিক তদন্তে তাঁর সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও চারটি মামলার তথ্য পেয়েছে পুলিশ।

পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ উছ সালেহীন জানান, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০