মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

পোস্টাল ভোটিং সম্পর্কে অভিজ্ঞতা নিতে ইসির সাথে বৈঠক করবে নেপালের ইসি

ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং পদ্ধতিতে প্রবাসী, সরকারি কর্মকর্তা ও নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিদের ভোটগ্রহণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ পদ্ধতির অভিজ্ঞতা ও কার্যক্রম সম্পর্কে জানতে বাংলাদেশ ইসির সাথে বৈঠক করবে নেপালের নির্ব

পোস্টাল ভোটিং সম্পর্কে অভিজ্ঞতা নিতে ইসির সাথে বৈঠক করবে নেপালের ইসি
ছবি: সংগৃহীত

ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং পদ্ধতিতে প্রবাসী, সরকারি কর্মকর্তা ও নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিদের ভোটগ্রহণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ পদ্ধতির অভিজ্ঞতা ও কার্যক্রম সম্পর্কে জানতে বাংলাদেশ ইসির সাথে বৈঠক করবে নেপালের নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রবাসী ভোটিং সিস্টেম সম্পর্কে জানতে আগামীকাল বেলা ১১টায় কমিশনের সাথে নেপালের ইলেকশন কমিশনের দুই কমিশনারসহ ছয়জন প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, নেপালের নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সাথে আগামীকাল বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠক করবে। নেপালের নির্বাচন কমিশনার ড. জনকী কুমারী তালুকদার ও ড. রাজীব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণা প্রসাদ কাপরি, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে ও ইউএনডিপির প্রতিনিধি প্রভাত কুমার বৈঠকে অংশ নেবেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী অনুমোদিত ভোটারের সংখ্যা ছিল ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি পোস্টাল ভোট। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা প্রবাসীদের ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি ব্যালট গ্রহণ করেছেন। অপরদিকে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ৬ লাখ ৬৭ হাজার ৩৮৮ জন ভোটারের ভোট গ্রহণ করেছেন। এর মধ্যে গ্রহণ করা বৈধ ভোটের সংখ্যা ছিল ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০