প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামজুড়ে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং চট্টগ্রামবাসী তাঁকে সাদরে গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নগরের ঐতিহাসিক জে এম সেন হলের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সফল সফর শেষে বিকেলে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তাঁর এই গুরুত্বপূর্ণ সফর ঘিরে পুরো নগরীতে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। জে এম সেন হলের মূল প্রাঙ্গণে আসন সংখ্যা সীমিত হওয়ায় হলের বাইরে অবস্থানরত হাজারো সনাতন ধর্মাবলম্বী যেন প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি প্রত্যক্ষ করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে বৃহৎ এলইডি স্ক্রিনের সংস্থান করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ঐতিহাসিক জে এম সেন হলের সাথে ব্রিটিশবিরোধী আন্দোলন এবং মাস্টারদা সূর্য সেন, যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও মহিমচন্দ্র দাসের স্মৃতি গভীরভাবে জড়িত। দুর্গাপূজার মহানবমীর সমাপনী মুহূর্তে প্রথাগত সম্প্রীতির এ স্থানে প্রধানমন্ত্রীর উপস্থিতি এই উৎসবের বর্ণিলতাকে বহুগুণ বাড়িয়ে দেবে।
পরিদর্শনকালে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়ত হোসেন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ শীর্ষ স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।