দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে এবং সব ধর্মের মানুষের মাঝে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নগরের কোতোয়ালী থানার ঐতিহাসিক জে এম সেন হলের শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে কোনো সরকারপ্রধানের সরাসরি আগমন এটাই প্রথম। এর আগে জন্মাষ্টমী উৎসবে অংশ নিতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামে এসেছিলেন। এবার শারদীয় দুর্গোৎসবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন চট্টগ্রামবাসীর জন্য অত্যন্ত গর্বের ও উৎসাহের।
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের পূর্বেই প্রধানমন্ত্রী একটি সাম্যভিত্তিক ও বৈষম্যহীন ‘রংধনু জাতি’ গঠনের যে রূপরেখা প্রকাশ করেছিলেন, প্রতিটি ক্ষেত্রে তিনি এখন কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করে দেখাচ্ছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতেই সরকারপ্রধানের এই ঐতিহাসিক সফর।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।