প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে সামনে রেখে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাঊদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তাঁকে ঢাকায় অবস্থান করতে হবে। এদিকে সফরের কূটনৈতিক কার্যক্রম ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক সচিব এম নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, গত ১৯ অক্টোবর বিকেলে নজরুল ইসলামকে জাপানে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। তাঁর ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রদূতকে তলব বা প্রত্যাহারসংক্রান্ত আদেশে ১৫ অক্টোবর সই করা হয়। ওই আদেশে তাঁকে দুই দিনের মধ্যে ঢাকায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
ওই কর্মকর্তা আরও জানান, প্রধানমন্ত্রীর জাপান সফর শেষ না হওয়া পর্যন্ত দাঊদ আলীকে ঢাকাতেই থাকতে হবে। কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নজরুল ইসলাম ইতিমধ্যে জাপানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সফরজুড়ে তিনি টোকিওতে অবস্থান করে দ্বিপাক্ষিক সমন্বয় ও কূটনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনার জন্য দাঊদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছিল। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পরামর্শের জন্য তাঁকে ডাকা হলেও সফরের প্রস্তুতিসংক্রান্ত কাজে যুক্ত রাখা হয়নি। এক কর্মকর্তার দাবি, প্রধানমন্ত্রীর সফরের সময় রাষ্ট্রদূতকে টোকিওর বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়েও আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।
দাঊদ আলী ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। জাপানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তাঁর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র গণমাধ্যমকে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা এবং নজরুল ইসলামকে টোকিও পাঠানোর তথ্য নিশ্চিত করেছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।