লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল। ঐতিহ্যবাহী এই সাজে দেবী দুর্গার রূপে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিশেষ সাজের ভিডিও প্রকাশের পর থেকেই প্রশংসা করছেন অনুসারীরা।
রবিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমণি। এতে লাল পেড়ে সাদা শাড়ি, মুকুট ও পদ্মফুল হাতে ভিন্ন এক রূপে দেখা যায় তাঁকে। পোশাক, অলংকার ও অভিব্যক্তিতে ফুটে উঠেছে দুর্গাপূজার চিরচেনা আবহ।
বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’ তাঁর এই বার্তাও নজর কেড়েছে ভক্তদের।
ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকে অভিনেত্রীর সাজ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ তাঁর রূপের প্রশংসা করেছেন, আবার কেউ দেবী দুর্গার সঙ্গে এই সাজের মিল খুঁজে পেয়েছেন।
একজন মন্তব্য করেছেন, ‘পরী সব সাজেই পরী’। আরেকজন লিখেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’।
দুর্গাপূজার আবহে পরীমণির এই বিশেষ সাজে বাঙালির ঐতিহ্যবাহী উৎসবের রং ও সৌন্দর্য ফুটে উঠেছে। পোশাক থেকে শুরু করে মুকুট ও পদ্মফুল, সবকিছুতেই ছিল দেবী দুর্গার সাজের ছোঁয়া। আর ‘শুভ শক্তির জয় হোক’ বার্তার মধ্য দিয়ে ইতিবাচক চেতনাও তুলে ধরেছেন এই অভিনেত্রী।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।