ঢাকার দিয়াবাড়ীতে নতুন সিনেমার শুটিং চলাকালে সাংবাদিকদের আমন্ত্রণ জানান প্রযোজক আব্দুল আজিজ। তবে এ বিষয়ে আগে থেকে জানতেন না চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শুটিং স্পটে গিয়ে তাঁর সাক্ষাৎকার নেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন এই অভিনেত্রী। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে সাংবাদিকদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানিয়েছেন নুসরাত ফারিয়া। তাঁর মতে, কোনো প্রযোজক, পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান শুটিং চলাকালে সাংবাদিকদের আমন্ত্রণ জানালে সেখানে যাওয়ার আগে আমন্ত্রণের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।
নুসরাত ফারিয়া লিখেছেন, সাংবাদিকদের ক্যামেরা, বুম কিংবা পেশাগত পরিচয় ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রচার ও জনপ্রিয়তা বাড়াতে চাইছেন কি না, তা খতিয়ে দেখা উচিত। নাকি কোনো শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলে সাংবাদিকদের শুটিং স্পটে নিয়ে যাওয়া হচ্ছে, সেটিও যাচাই করা প্রয়োজন।
অভিনেত্রীর ভাষ্য, কোনো শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলে সেখানে যাওয়ার আগে ওই শিল্পীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া উচিত। তিনি লিখেছেন, ‘একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, যে শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলা হচ্ছে, তার কাছ থেকে আদৌ এ বিষয়ে সম্মতি নেওয়া হয়েছে কি না।’
শুটিং চলাকালে শিল্পীরা তাঁদের কাজের প্রতি দায়বদ্ধ থাকেন উল্লেখ করে নুসরাত ফারিয়া বলেন, সিনেমা বা কোনো নির্দিষ্ট প্রকল্পের শুটিংয়ের মধ্যে কাজের বাইরে সাক্ষাৎকার দেওয়াটা ভিন্ন বিষয়। এ ক্ষেত্রে শিল্পীর সম্মতি ও প্রস্তুতি থাকা প্রয়োজন।
সাংবাদিকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, কোনো একটি পক্ষের বক্তব্য শুনেই পুরো ঘটনাকে সত্য বলে ধরে নেওয়া ঠিক নয়। কোনো ঘটনার পেছনে এমন অনেক বাস্তবতা থাকতে পারে, যা বাইরে থেকে বোঝা সম্ভব হয় না।
পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, ‘অনেক সময় পর্দার আড়ালের ঘটনাগুলো আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে প্রকৃত সত্যটি আড়ালেই থেকে যায়।’









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।