চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় নির্মিত দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে তৈরি এ সাইকেল ট্র্যাকে আজ রবিবার (১১ অক্টোবর) বেলা ১০টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশিষ্ট ধারায় দুটি মামলা দায়ের করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অবৈধভাবে পার্কিং করে ট্র্যাক দখল করায় একটি যানবাহন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, সংশ্লিষ্ট জোনের কর্মকর্তাবৃন্দ, সুপারভাইজার, চসিকের স্ট্রাইকিং ফোর্স এবং পতেঙ্গা থানা-পুলিশের একটি টিম।
চসিক কর্মকর্তা প্রণয় চাকমা জানান, পরিবেশবান্ধব পতেঙ্গা সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং রোধ এবং নগরবাসীর জন্য নির্বিঘ্নে সাইকেল চালানোর পরিবেশ বজায় রাখতে এ ধরনের তদারকি ও উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।